Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু চূড়ান্তভাবে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (গ্রেনেট বাবু)। ছবি: সংগৃহীত

নীলফামারী: সরকারি খাসজমি অবৈধভাবে দখল, ওই জমিতে অবৈধ স্থাপনা নিমার্ণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (গ্রেনেট বাবু) চূড়ান্তভাবে অপসারণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে চূড়ান্ত অপসারণ করা হয়। বিষয়টি বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল, উক্ত জমিতে অবৈধ স্থাপনা নিমার্ণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু)-কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(৪) (খ) ও ৩৪(৪) (ঘ) ধারার অপরাধ হিসেবে প্রতীয়মান হওয়ায় একই আইনের ৩৪(৬) ধারা মোতাবেক তার স্বীয় পদ হতে জনস্বার্থে চূড়ান্তভাবে অপসারণ করা হলো।

প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১) ও ৩৫(২) ধারা মোতাবেক কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর পদ শূন্য ঘোষণাসংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে ‘ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে সত্যতা প্রমাণ হওয়ায় চেয়ারম্যানকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর