রাজশাহী: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে আগামী ২ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে শাস্তির আওতায় আসা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব ডিসিপ্লিন’-এর এক সভায় সর্বসম্মতিক্রমে এ শাস্তিমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের ২ জন (ইটিই ও ইইই বিভাগ), ২২ সিরিজের ৩ জন (পুরকৌশল ২ জন ও যন্ত্রকৌশল ১ জন), ২৪ সিরিজের ৪ জন (পুরকৌশল ৩ জন ও মেকাট্রনিক্স ১ জন) এবং ২৫ সিরিজের ৩ জন (পুরকৌশল, সিএসই ও আইপিই বিভাগের ১ জন করে) রয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের ১ম বর্ষ ব্যাকলগ এবং ২৫ সিরিজের ১ম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও জিনিসপত্রের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া মোবাইল ফোন ও ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ের হেফাজতে সংরক্ষণ করা হবে, যা তাদের শিক্ষা কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হওয়ার পর ফেরত দেওয়া হবে।
ঘটনার বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করা জরুরি। রুয়েটে ইতোমধ্যে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ ৫টি পর্যন্ত বাড়ানো হয়েছে। সব সুযোগ দেওয়া সত্ত্বেও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বন অত্যন্ত উদ্বেগজনক।’