চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ অংশ নেয়।
আটক দুইজন হলেন— শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. আতাউর রহমান (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে মো. নুরুল ইসলাম বাবু (৪২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-১৮৪ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানসাট মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে ৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা হেরোইন পরে ধ্বংস করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’