কুড়িগ্রাম: জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ান (ওরফে বিনয়)-কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন। এর আগে, গভীর রাতে পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রিয়ান গোপনে সংগঠিত ছাত্রলীগের মিছিল-সমাবেশে নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে টায়ারে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ওয়াসিপ ইসলাম রিয়ানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’