রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় বাসটির মালিক সুলতান আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
পুলিশ জানায়, মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বাসের মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত টিম কাজ করছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
যেভাবে আগুন লাগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে আগুন লাগে। বাসটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করে।
রাত ১টার পর টার্মিনালে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও নাইট গার্ডরা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশে থাকা বাসগুলোর শ্রমিকদের ঘুম থেকে ডেকে তোলা হয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় অন্য বাসগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর মধ্যেই ‘মা ক্লাসিক পরিবহন’ বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ।