ঢাকা: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি চট্রগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।’