গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের হাশেম বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ওয়েলকাম পরিবহণের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী অজ্ঞাত একটি কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম বিশ্বাস। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’