রাজবাড়ী: জেলার গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে হবি সরদারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে হবি সরদার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।
পরে বুধবার সকালে স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ সময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলায় হবি সরদারকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’