পিরোজপুর: পিরোজপুর পৌরসভার কালীবাড়ি রোডে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় পুলিশ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও মালামাল উদ্ধারে সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারের দোকান রয়েছে। আগুনে দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নব গোপাল সাহা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আগুন নিয়ন্ত্রণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।