যশোর: যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।
ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের অন্ধকারে দুইজন স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদী থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় যুবকদের মুখে শেখ হাসিনার নামে স্লোগানও শোনা যায়।
সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটিতে গিয়ে দেখা যায়, আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন রয়েছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুইজন পুলিশ সদস্য মোতায়েন থাকে। সোমবারও দুইজন দায়িত্বে ছিলেন। কিন্তু রাতে দুই স্মৃতিস্তম্ভ চত্বরে দুই দৃর্বৃত্ত প্রবেশ করে আগুন দেয়। আগুন দেওয়ার পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভটির পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।’