নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ নারী দলের পেস আক্রমণে বড় ধাক্কা। ডান পায়ের গোড়ালির পুরোনো চোট আবারও ফিরে আসায় আসন্ন নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না মারুফা আক্তারের। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দ্রুত মাঠে ফেরানোর বদলে পুরোপুরি সুস্থ করে তোলার পরিকল্পনা নিয়েছে বোর্ড।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের। ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ছয় ম্যাচের এই সিরিজ খেলতে হবে পেস আক্রমণের বড় তারকা মারুফাকে ছাড়াই।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মারুফা বর্তমানে চার সপ্তাহের বিশ্রামে আছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর আবার হাঁটাচলা শুরু করার কথা। ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ের গোড়ায় ক্ষয়জনিত সমস্যার কারণে ভুগছেন এই পেসার। চোটের অবস্থা খারাপ হওয়ায় আপাতত পায়ে এয়ারকাস্ট বুট ব্যবহার করছেন তিনি।
অস্ট্রেলিয়া সফরের আগেও এই চোটের চিকিৎসায় মারুফাকে ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। সে কারণে অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচে তাঁকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট। এবার দীর্ঘমেয়াদি সুস্থতার কথা বিবেচনা করে নিউজিল্যান্ড সফর থেকেই তাঁকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’