হিলি: জয়পুরহাটের কালাই উপজেলার সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে ১৩৫ কেজি ৮৭০ গ্রাম ওজনের কষ্টিপাথরের দু’টি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দইহারা গ্রামে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ১১৯ কেজি ওজনের একটি বড়ো মূর্তি এবং ১৬ দশমিক ৮৭ কেজি ওজনের একটি ছোটো মূর্তি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আলিফ হোসেন (২২) ও সর্জিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মূর্তি দু’টির সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ মূর্তিগুলোর কষ্টিপাথরের মান যাচাই করে সনদ দিয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘আটক ব্যক্তিদের উদ্ধার করা মূর্তিসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’