চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইলফোনসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি গ্রামের একটি সেতুর কাছে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইলফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মোবাইলফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে সবধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’