গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো— দশলাল পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মিম আক্তার (৩) এবং তার শ্যালিকা সারমিন বেগমের মেয়ে আফরিন খাতুন (৪)।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে টাঙ্গাইল থেকে আফরিন খাতুন তার মায়ের সঙ্গে খালু ফরহাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে দুই শিশু হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
শাখাহার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লাইজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।’