রাজবাড়ী: রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে রাতের আধারে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কার্যালয়ের প্রবেশপথের কেঁচিগেটের সামনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কার্যালয়ের ভেতরেও কেরোসিন ছিটিয়ে রাখা হয়েছিল বলে তারা দাবি করেন।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পরই এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পার্টি অফিসটি জ্বালিয়ে দেওয়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আগুন লাগার পর কার্যালয়ের সামনে নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু ও গাজী আহসান হাবিব বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজন সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি সরকারের সাত মাসের সফলতা ও অর্জন নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমরা মনে করি। ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলোর প্রত্যেক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। এ ঘটনায় যারা জড়িত, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি করছি।’
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ বলেন, ‘আমি রাত ১টার দিকে কার্যালয়ের প্রতিটি তালা চেক করে বাড়িতে চলে যাই। তখন কাউকে দেখিনি। সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী এসে আমাকে জানান, কার্যালয়ের কেচিগেট পোড়া। এরপর আমি এসে ঘটনাটি দেখি এবং নেতাকর্মীদের খবর দিই।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। যেই হোক না কেন, আমরা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনব।’
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।