চাঁদপুর: শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুই শিশু গুরুতর দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে শহরের মিশন রোড এলাকার আরএস টাওয়ারের পাঁচতলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুই শিশু হলো— ছয় বছর বয়সি ফাইজা ও চার বছর বয়সি সাব্বির।
পরিবার ও চিকিৎসক সূত্রে জানা যায়, বিকেলে বাসার বারান্দায় খেলছিল ফাইজা ও সাব্বির। এ সময় বারান্দার খুব কাছ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে তারা। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তারা বারান্দার গ্রিলের সঙ্গে আটকে যায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাসাবাড়ির এত কাছ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইন থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।