নওগাঁ: নওগাঁর সাপাহার এবং জয়পুরহাটের কড়িয়া সীমান্তে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব। তিনি বলেন, ‘সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে। একই সঙ্গে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় চারজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এই চারজন একই পরিবারের বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। ওই সাতজন বর্তমানে সীমান্তের শূন্য লাইনে রয়েছে।’