পাবনা: জেলার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দুটি ওয়ান শুটারগান এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন, মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেফতার করা ১৮ জনকে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকারের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান-সহ অন্যান্যরা।