Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মসজিদগুলোকে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৪:৪১

পঞ্চগড়: মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।’

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যারা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।’

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং পঞ্চগড় জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

এ সময় ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর