রাজশাহী: রাজশাহীর চারঘাটে যাত্রীবেশে উঠে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তফেল আলী (৫০) নামের এক ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত তফেল আলী চারঘাট উপজেলার অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারঘাট বাজার থেকে দুই ব্যক্তি পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ভ্যান ভাড়া করে। ভ্যানটি কাঁকড়ামারী বাজার পার হয়ে শিশাতলা নির্জন এলাকায় পৌঁছালে চালককে লক্ষ্য করে হামলা চালায় তারা। সঙ্গে থাকা হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তফেল আলীকে গুরুতর জখম করে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তার আর্তচিৎকার শুনে স্থানীয় পথচারী ও অন্যান্য ভ্যানচালকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
উদ্ধারের পর তাকে দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তহরুজ্জামান জানান, হামলায় ভ্যানচালকের দুটি হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি হাত ভেঙে গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানায় অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা এরই মধ্যে সিসিটিভি ফুটেজ ও ভ্যানের ছবি সংগ্রহ করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।