Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে দস্যু সম্রাট বাহিনীর হাত থেকে জিম্মি ৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৫:১১

উদ্ধার হওয়া ৪ জেলে।

বাগেরহাট: সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযানে দুর্র্ধষ দস্যু ‘সম্রাট বাহিনীর’ হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক বিশেষ অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় দস্যু সম্রাট বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান উক্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেদের ফেলে বনের গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা সম্ভব হয়। তবে দস্যুরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে দস্যু সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরকারের নির্দেশনা, সকলের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর