পটুয়াখালী: জেলার কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে এই জাল, ট্রলার ও জেলেদের আটক করা হয়।
পরে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেকা দিলে অপর জেলে ও ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।