পাবনা: পাবনার সদরে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিল জেলা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর ও আনিস মোড় এলাকায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোছা. তাসমিনা খাতুন।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। অভিযানে আনিস মোড় এলাকার ‘কে আর বি ব্রিকস’ ও ‘মেসার্স এ আর বি ব্রিকস’-এর চুল্লি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া একই এলাকার ‘মেসার্স আর এ ব্রিকস-১’-এর চুল্লি ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আবদুল মমিনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।