সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে কীটনাশক পান করে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা রাম প্রসাদ হালদার (৩০) ও তার মেয়ে কিরণমালা (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে রাম প্রসাদ ও তার মেয়ে তরলজাতীয় কীটনাশক পান করেন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে কিরণমালার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তার বাবা রাম প্রসাদ হালদার।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে বাবা-মেয়ে কীটনাশক পান করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।