Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৩:২৭

প্রতীকী ছবি।

যশোর: যশোরের অভয়নগরে নিজ ঘরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার বৃদ্ধা আসিয়া বেগম (৭৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা ধারণা করছে, রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে ঢোকার পর হয়তো তার ঘুম ভেঙ্গে গেলে চোরেরা তাকে হত্যা করে পালিয়েছে।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, ‘বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজন ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সেই খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে প্রতিবেশীরা দেখেন, বসতঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।’

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোরে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর