Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদকব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ০৯:২৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এলাকায় তিনি মাদকব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

​রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। মাদকব্যবসার আধিপত্য বা বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

​নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যা করে সুপারি বাগানে মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির ব্যাপক অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন। মাদকসংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবাংলা/এসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর