রাজবাড়ী: জেলার কালুখালীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
শনিবার (৩১ অক্টোবর) এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেফতার সাইদুল সরদারের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোলে। তার বাবার নাম মৃত জব্বার সরদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইদুল সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।
এসআরবির দাবি, সাইদুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
অভিযানে উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেফতার সাইদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।