Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ২০:০৪

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানা পুলিশের তত্ত্বাবধানে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে সাতজনকে আটক করে পুলিশ।

পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার মো. নাইমুল হক নাসিম, মহারাজপুর জাতীপাড়ার তরুণ কর্মকার (৪২), বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকার মো. তহিদুল ইসলাম (৪৩), মো. বট জাহান আলী (৫০), মো. আব্দুস সালাম (৫৮), বারঘরিয়া বাজার এলাকার পঞ্চকুমার পাল (৫৬) এবং বারঘরিয়া বিশ্বাসপাড়ার মো. মামুন বিশ্বাস (৪০)।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর