লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলানো ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার টানানোর পাশাপাশি রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এছাড়া রামগতি উপজেলারও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। তালাগুলোতে সাদা কাগজে লেখা ছিল— ‘সর্বাত্মক ধর্মঘট, সার্থক হোক’।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর এবং সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ একাধিক নেতার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে এসব ভিডিও দেখা যায়।
জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’ লেখা ব্যানার ঝুলিয়ে দুটি গেটেই তালা দেওয়া হয়। প্রকাশিত ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে এক হেলমেট পরিহিত ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেলেও এতে কাউকে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সম্পর্কে তারা নিশ্চিত নন; সম্ভবত রাতের আঁধারে বিস্ফোরণ ঘটিয়ে ধারণ করা ভিডিও পরে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি জানান, অশুভ শক্তি ও নিষিদ্ধ সংগঠনের এমন অপতৎপরতা রুখতে ছাত্রদলের সকল ইউনিট মাঠে রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নিতে কলেজ অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ জানান, ‘দিনের বেলায় এমন কোনো তালা বা ব্যানার ছিল না। কলেজের সব পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে চলেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা দেখিনি।’
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ককটেল বিস্ফোরণের বিষয়টি তাদের জানা ছিল না, তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।