Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ছয় মাসে ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫২

লোকাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১১:২৪

বেনাপোল: সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ২ হাজার ২২৮ বোতল অন্যান্য নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা।

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চালানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন খুলনা সেক্টরের একটি ব্যাটালিয়ন হিসেবে ২১ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ছয় মাসে ৩৩ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩০৪ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৫০ লাখ ৭১ হাজার ৬২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ৬১ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি। অর্থাৎ ছয় মাসে ২১ বিজিবির জব্দ করা মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট মূল্য প্রায় ৪৩ কোটি ২ লাখ ৫৯ হাজার ৯২৭ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক ও সীমান্ত অপরাধমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর