Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পাচারের অভিযোগে ৬৭ বস্তা সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১২:২৩

জব্দকৃত সার। ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া গোপনে সার পরিবহণের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় পুলিশের টহলদল অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।

পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রাতে আড্ডা থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্র পিকআপে তল্লাশি চালিয়ে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলম এবং পিকআপচালক আলম আলীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা জানান, নওগাঁর সাপাহার উপজেলার দিঘারবাজার থেকে সার নিয়ে শিবগঞ্জে যাচ্ছিলেন তারা। তবে সার পরিবহণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারসহ পিকআপটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা ৬৭ বস্তা সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান জব্দ করা সার বুঝে নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর