সাতক্ষীরা: শহরের উপকণ্ঠে এক সংকীর্ণ খুপরির বারান্দায় চট বিছিয়ে শুয়ে আছে চার বছর বয়সী অর্পিতা। চোখ দু’টি কোটরাগত, চামড়া ছুঁয়ে চেনা যায় অপুষ্টির ছাপ। মা হাঁড়িতে থাকা নামমাত্র ফ্যান-ভাতটুকু থালায় ঢালতে ঢালতে দীর্ঘশ্বাস ফেললেন। ‘ঘরে চাল থাকলি ডাল থাকি না, ডাল থাকলি নুন শেষ। পোলাপাইনরে একটু দুধ-ডিম দিতি পারি না। বুকটা ফাটি যায়। সপ্তাহে একদিনও কপালে ডিম জোটে না। বড় মানুষরা না হয় একবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারি। কিন্তু, এই বাচ্চাগুলিক কী বোঝাব? প্রায়ই রাতে আধপেটা খাইয়ে শুয়াই রাখি।’ —কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার ভাঙনের শিকার বাস্তুচ্যুত হাসনা।
জলোচ্ছ্বাস আর বারবার নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে জীবন বাঁচানোর তাগিদে যারা আশ্রয় নিয়েছেন অনানুষ্ঠানিক খুপরি বসতিতে, তাদের দৈনন্দিন জীবনে এখন নিঃশব্দ হাহাকার। জানা যায়, হাসনার পরিবারের শেষ সম্বল বলতে ছিল একটা ছাগল আর কয়েকটা হাঁস। নদীভাঙনে ভিটে হারানোর পর পেটের টানে সেগুলোও বিক্রি করে দিতে হয়েছে জলের দামে। এখন দিনমজুরির কাজ না পেলে হাঁড়িতে চাল ফোটে না।
সম্প্রতি শ্যামনগরের গাবুরা, দাতিনা, পদ্মপুকুর আর মুন্সীগঞ্জের উপকূলীয় এলাকা ঘুরে স্বচক্ষে দেখে আসা দৃশ্যগুলো উপকূলীয় জীবনের সেই রূঢ় সত্যকেই বারবার মনে করিয়ে দেয়। নোনা জলের দাপটে তলিয়ে যাওয়া বিঘার পর বিঘা কৃষিজমি, একের পর এক ভেঙে যাওয়া ঘরবাড়ির কঙ্কাল আর জীবিকাহীন মানুষের দীর্ঘশ্বাস সেখানে নিত্যসঙ্গী। জানা গেছে, উপকূল থেকে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশ (৭৪.৯%) চরম খাদ্যসংকটে রয়েছে। এদের মধ্যে আবার ৯০.৮ শতাংশ পরিবারের ঘরে কোনো খাবার মজুত নেই।
এ বিষয়ে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)-এর সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘উপকূলের মানুষগুলোর ওপর আছড়ে পড়া এই চরম বাস্তবতা নিয়ে আমরা যৌথ গবেষণার মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করেছি। ২০২৬ সালের আগস্টজুড়ে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি অনানুষ্ঠানিক বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জন সদস্যের ওপর এ সমীক্ষা পরিচালনা করে দেখেছি যে, সাতক্ষীরার অনানুষ্ঠানিক বসতিগুলোতে প্রায় ৭ হাজার ৫৭৩টি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী এই সংখ্যা আরও বেশি।’
তিনি বলেন, ‘উপকূলীয় এলাকা ও অনানুষ্ঠানিক বসতিতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এখন এক মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। প্রায় ৯৫ দশমিক ২ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা শিশুদের মুখে খাবার তুলে দিতে নিজেরা কম খাচ্ছেন বা না-খেয়ে থাকছেন। আর পেট চালাতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার তাদের শেষ সম্বল উৎপাদনশীল সম্পদ বা গৃহস্থালি জিনিসপত্র বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।’
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) –এর দেওয়া পুষ্টিহীনতার চিত্রে দেখা যায়, বাস্তুচ্যুত এসব পরিবারে সপ্তাহে গড়ে মাছ, মাংস বা ডিম জোটে মাত্র ১ দশমিক ৯ দিন, দুধ ০ দশমিক ৯ দিন এবং ফল মাত্র ০ দশমিক ৬ দিন। ৯৯ দশমিক ৪ শতাংশ পরিবার চরম অর্থসংকট এবং ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার নিত্যপণ্যের উচ্চমূল্যকে খাদ্যসংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
হাতের ছোট্ট একটি জাল দিয়ে মাছ ধরছিলেন সুধাংশু। এইটুকু জাল দিয়ে কিভাবে মাছ ধরেন? এমন প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ফেলে সারাবাংলার এই প্রতিবেদককে বলেন ‘এইডাই কত করি একজনের কাছ থেকে চেয়ে এনে কয়ডা মাছ ধরিচ্ছি। কিচ্ছু নাই, সব আইলায় ভাসি গেছে।’
সুধাংশু আরও বলেন, ‘গাঙের নোনা পানি যখন বাঁধ ভাঙি ঘরে ঢোকে, তখন শুধু বাড়িঘর-ই ভাসি যায় না, আমাগো অস্তিত্বটাই শেষ হই যায়। একের পর এক ঝড়ে ভিটেমাটি হারিয়ে শ্যামনগরের এইখানে আশ্রয় নিছি। ভেবেছিলাম নদী ভাঙন থামলে হয়তো দুর্ভোগ থামবে, কিন্তু পেটের ক্ষুধা তো আর থামে না! তিনবেলা চাল ফুটানো দায়, পোলাপাইনগুলোর মুখে পুষ্টিকর খাবার তুলি দেওয়া তো অনেক দূরের কথা। তার ওপর সরকারি জমিতে খুপরি বানিয়ে আছি, কখন জানি তাড়ায়ে দেয়!’
এ বিষয়ে কথা হয় অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার অমিত রঞ্জন দে’র সঙ্গে। সারাবাংলাকে তিনি বলেন, ‘২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত দুর্যোগের কারণে বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন, যাদের ৬৩ শতাংশই ২০২০ সালের আগে ঘর হারিয়েছিলেন। অর্থাৎ জলবায়ু বাস্তুচ্যুতি কোনো সাময়িক ঘটনা নয়, এটি এক দীর্ঘস্থায়ী বাস্তবতা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পানির সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন।’

সাতক্ষীরার জলাবায়ু বাস্তুচ্যুতদের খাদ্য সংকট। ছবি কোলাজ: সারাবাংলা
উপকূলীয় শ্যামনগরের ভাঙনপ্রবণ জনপদ থেকে শহরের অনানুষ্ঠানিক বসতি সবখানেই লক্ষ্য করা যায় এই করুণ ছবি। ঝড় বা জলোচ্ছ্বাস শেষ হলেও বাস্তুচ্যুত মানুষের পেটের ক্ষুধা, আবাসন আর মর্যাদার সংগ্রাম শেষ হয় না। কেবল সাময়িক ত্রাণ নয়; টেকসই বিকল্প জীবিকায়ন, জলবায়ু ন্যায়বিচার এবং নিরাপদ খাদ্য ও ভূমি অধিকার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় অঙ্গীকার।’
আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং ‘ক্ষয়ক্ষতি ও বিনষ্টি তহবিল’ (Loss and Damage Fund) থেকে বাস্তুচ্যুতদের স্থায়ী আবাসন, নিরাপদ পানি, সামাজিক সুরক্ষা ও শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জলবায়ু বাস্তুচ্যুতদের এই ভয়াবহ খাদ্যসংকট দূরীকরণে কিছু পদক্ষেপ নেওয়অ প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ হচ্ছে-
- বিশেষ সামাজিক সুরক্ষা ও রেশনের ব্যবস্থা: বাস্তুচ্যুত অনানুষ্ঠানিক বসতিগুলোতে জরুরি ভিত্তিতে কম মূল্যে বা বিনামূল্যে চাল, ডাল, তেল, ডিমসহ পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণে বিশেষ ‘কার্ড’ চালু করা।
- বিকল্প জীবিকায়ন ও লবণাচ্ছাদিত কৃষি: নোনা জমিতে চাষযোগ্য লবণাক্ততা-সহনশীল ফসলের সম্প্রসারণ, আধুনিক মৎস্য চাষ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নগদ অর্থ সহায়তাসহ স্বল্পসুদে ঋণে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
- শিশু ও নারীদের পুষ্টি নিশ্চিতকরণ: সুবিধাবঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা কর্মসূচি চালু করা, যেন অপুষ্টিজনিত সামাজিক ঝুঁকি কমানো যায়।
- জাতীয় কৌশলের কার্যকর বাস্তবায়ন: কাগজ-কলমে থাকা অভিযোজন পরিকল্পনা ও ব-দ্বীপ পরিকল্পনার বরাদ্দ সরাসরি বাস্তুচ্যুতদের খাদ্য ও জীবনমান উন্নয়নে প্রয়োগ নিশ্চিত করা।
এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-২ (Zero Hunger) অর্জন এবং খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগা শতভাগ জলবায়ু বাস্তুচ্যুত পরিবারকে ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বিশেষজ্ঞরা বলেছেন, প্রকৃতির রুদ্ররোষ উপকূলের অধিবাসীদের ভিটেমাটি কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার ন্যূনতম অধিকার ও মর্যাদা যেন তারা ফিরে পায় সেই মানবিক দায়বদ্ধতা আজ সবার। অর্পিতার কোটরাগত চোখে হাসি ফোটানো আর হাসনাদের হাঁড়িতে নিয়মিত চাল ফোটানোর নিশ্চয়তাই হতে পারে জলবায়ু ন্যায়বিচারের প্রথম পদক্ষেপ।