রাজধানীর লালবাগ শহীদ নগরের একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির একটি বাড়ির ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ার হোসেন জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন চলতি মাসের ১ তারিখে ওই বাসায় ভাড়া ওঠেন। তিনি অবিবাহিত ছিলেন। আজ সকালে পাশের বাসার এক ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে ওই বাসায় উঁকি দেন। তখন দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। পরে ভেতরে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন।
ওসি আরও জানান, ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। অসুস্থতার কারণে দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।