Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যার কারণে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২১:১৭

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধীদলের সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্ষা মৌসুম জুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।’

তিনি বলেন, ‘কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এ পর্যন্ত শুধু কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে এবং কলেজ প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় সেখানে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘কয়েকটি কেন্দ্রে পানি প্রবেশ করলেও কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে। সরকার পরীক্ষা নিয়ে অত্যন্ত আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের পর প্রশাসনিক ত্রুটির কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা ইতোমধ্যে এমন ব্যবস্থা নিয়েছি এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সেই সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন এবং কোনো ভুল বা ঘাটতির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষা আয়োজনের বিধান রয়েছে। এই শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে না।’

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর