ঢাকা: মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের কাছে স্কাউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের নীতি-নির্ধারণী পর্যায়ের সচিব মহোদয়গণসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজ এই মঞ্চে উপস্থিত আছেন যাতে স্কাউটদের সার্বিক সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস-এর স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের পদক, অভিনন্দন পত্র এবং দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়।
তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সমানভাবে যুক্ত হতে হবে, যেখানে স্কাউট ও রোভার স্কাউটদের ভূমিকা অনন্য।
তিনি আরও বলেন, স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে এবং নিজেদের মাঝে সুনাগরিকের গুণাবলী বিকশিত করার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আগামী দিনের বাংলাদেশে ইনশাআল্লাহ এই মেধাবী মুখগুলোকেই নেতৃত্বের আসনে দেখতে চাওয়ার কথা ব্যক্ত করে মাহ্দী আমিন জানান, সরকার কেবল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার গণ্ডি থেকে বেরিয়ে শিক্ষার্থীদের পছন্দ ও মেধা অনুযায়ী তা হতে পারে মানবিক বা সামাজিক বিজ্ঞান, সৃজনশীল কাজ, খেলাধুলা, বিতর্ক কিংবা বিজ্ঞানচর্চা সব ক্ষেত্রেই সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে নিজের স্মৃতচারণ করে তিনি বলেন, আজ থেকে প্রায় আড়াই দশক আগে তিনি যখন শিক্ষার্থী ছিলেন, তখন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বর্তমান শিক্ষামন্ত্রীর হাত থেকেই তিনিও একটি পুরস্কার পেয়েছিলেন। শিক্ষার্থীদের আজকের এই সাফল্য কোনো সমাপ্তি নয় বরং বড় লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ, যেখানে হতাশ না হয়ে সততা, পরিশ্রম, শৃঙ্খলা, মানবিকতা এবং দেশপ্রেমকে জীবনের পথচলার ভিত্তি করে এগিয়ে যেতে হবে।