ঢাকা: কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সভাপতি করে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি পুনর্গঠন করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে এই কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। তিনি বলেন, ‘সংবিধান ও কার্যপ্রণালী বিধির নির্দিষ্ট ধারা অনুসরণ করে শিক্ষা ব্যবস্থার তদারকি জোরদার করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।’
পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ছাড়াও বেশ কয়েকজন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ববি হাজ্জাজ, ড. রেজা কিবরিয়া, তাহসিনা রুশদীর লুনা, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, অধ্যাপক মো. মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মুজাহিদ।
পুনর্গঠনের দিনই জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সকল সদস্যকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত দিনে বৈষম্যের শিকার হওয়া যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত করার তাগিদ দেওয়া হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরও যেসব প্রতিষ্ঠান অন্যায্যভাবে বাদ পড়েছিল সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিগত দিনে ২৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের মাঝে অবসর সুবিধা প্রদান করায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। শিক্ষা খাতের যেকোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবোর্ডগুলোতে সরেজমিন পরিদর্শনের ওপরও জোর দেওয়া হয়েছে।