Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবি করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২৩:৪৮

জবি: কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ভিক্টোরিয়া পার্কের পাশে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে চিনতে পেরে আটক করেন তারা। একপর্যায়ে নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের কাছে হস্তান্তরের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, ‘আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।’