Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্নাতকের সনদ পেতে ভোগান্তি, নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ব্যবস্থার অপেক্ষা

জাককানইবি করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৫:০২

জাককানইবি: চার বছরের স্নাতক জীবনের সমাপ্তির পর শিক্ষার্থীদের প্রত্যাশা থাকে দ্রুত হাতে পাবেন একাডেমিক সনদ ও নম্বরপত্র। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণে পেরোতে হচ্ছে দীর্ঘ প্রশাসনিক ধাপ।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, সনদ সংগ্রহের আগে ক্লিয়ারেন্স নিতে তাদের যেতে হয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি দফতরে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সই সংগ্রহ করতে গিয়ে কখনো দুই থেকে তিন দিনও পার হয়ে যায়। এতে দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার দাবি জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহের আগে ক্লিয়ারেন্স ফরম পূরণ করে প্রয়োজনীয় সই নিতে হয়। এ তালিকায় রয়েছে নিজ বিভাগের বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় গ্রন্থাগার, হল প্রভোস্ট, প্রক্টর অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, অর্থ ও হিসাব দফতর, শারীরিক শিক্ষা দফতর, মেডিকেল সেন্টার, পরিবহন পুল এবং আইসিটি সেল।

একাধিক দফতরে সরাসরি উপস্থিত হয়ে সই নেওয়ার বাধ্যবাধকতার কারণে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে উঠেছে। কোনো কর্মকর্তা দাফতরিক কাজে ব্যস্ত থাকলে কিংবা নির্ধারিত সময়ে দফতরে উপস্থিত না থাকলে আটকে যায় ক্লিয়ারেন্সের কাজ। ফলে একই দিনে সব আনুষ্ঠানিকতা শেষ করা অনেক শিক্ষার্থীর পক্ষেই সম্ভব হয় না।

এদিকে সনদ ও নম্বরপত্র সংগ্রহের জন্য নির্ধারিত ফি এবং অপেক্ষার সময়ও রয়েছে। শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, দ্বিতীয় থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট নিতে সাধারণ ফি হিসেবে ১ হাজার ৫০ টাকা জমা দিতে হয়। জরুরি ভিত্তিতে সংগ্রহ করতে চাইলে দিতে হয় ১ হাজার ৪০০ টাকা। চূড়ান্ত ট্রান্সক্রিপ্টের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি রয়েছে। রসিদ জমা দেওয়ার পর সাধারণত সাত দিনের মধ্যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। আর জরুরি সেবায় অতিরিক্ত ৫০০ টাকা দিয়ে তিন দিনের মধ্যে তা সংগ্রহ করা যায়।

সাময়িক সনদের ক্ষেত্রেও রয়েছে আলাদা আনুষ্ঠানিকতা। এ জন্য ৩০০ টাকা ফি জমা দেওয়ার পাশাপাশি এসএসসি সনদ, সর্বশেষ সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হয়। এরপর সনদ পেতে অপেক্ষা করতে হয় সাত দিন।

দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এ প্রক্রিয়া আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানজিদা বলেন, ‘আমার বাড়ি পঞ্চগড়ে। ক্লিয়ারেন্স নেওয়া এবং কাগজপত্র জমা দেওয়ার জন্য এত দূর থেকে আসতে হয়েছে। কিন্তু আজ হল প্রভোস্টের স্বাক্ষর নিতে পারিনি। তাই আজ রাতেও আমাকে এখানে থাকতে হবে। মেয়ে হিসেবে বিষয়টি আমার জন্য বেশ ভোগান্তির। সব কাজ অনলাইনে করা গেলে একবারে শুধু সনদ সংগ্রহের জন্য ক্যাম্পাসে আসতে হতো।’

দিনাজপুরের বাসিন্দা আরেক সাবেক শিক্ষার্থী হৃদয় আহমেদও একই ধরনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘স্নাতক শেষ হওয়ার পর সনদ ও মার্কশিট সংগ্রহ করতে গিয়ে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ছুটতে হয়। অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তা দপ্তরে না থাকায় অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। এতে এক দিনে সব কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।’

হৃদয় আরও বলেন, ‘দূরের জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়া অনেক বেশি ব্যয়বহুল। কয়েক দিন ক্যাম্পাসে থাকতে হলে অতিরিক্ত খরচ বহন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সনদ সংগ্রহের ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হওয়া প্রয়োজন। পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ তিনটিই সাশ্রয় হবে।’

তবে বিষয়টি এককভাবে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সিদ্ধান্তের আওতাধীন নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘সনদ ও মার্কশিট পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রক্রিয়া করা হলেও পুরো ব্যবস্থাটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। এ ক্ষেত্রে কিছু নীতিগত নিয়ম অনুসরণ করতে হয়। তাই এটি মূলত নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমার এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রক্রিয়াটি সহজ করার বিষয়ে শিক্ষার্থীরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর কিংবা বিভাগীয় প্রধানদের কাছে প্রস্তাব দিতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রস্তাব এলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অটোমেশন সফটওয়্যার চালুর উদ্যোগের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। তিনি বলেন, ‘ক্লিয়ারেন্স নিতে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি আমার জানা আছে। প্রশাসন এ সমস্যা সমাধানে একটি অটোমেশন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছিল। এটি চালু হলে শিক্ষার্থীদের আর আগের মতো দফতরে দফতরে ঘুরতে হবে না বলে আশা করছি।’

তিনি আরও বলেন, প্রশাসন বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। দ্রুত সফটওয়্যারটি চালু হবে বলে প্রত্যাশা করছেন তিনি। তবে কবে নাগাদ এটি চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেনও ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। প্রশাসন এ বিষয়ে ইতিবাচক। আমরা চাই, শিক্ষার্থীরা যেন চার বছরের শিক্ষাজীবন শেষ করার পর নিজেদের অর্জনের সনদ সংগ্রহ করতে গিয়ে কোনো ভোগান্তিতে না পড়েন। শিক্ষার্থীদের ফলাফল দ্রুত প্রকাশের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ শুরু করেছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর