Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১২:৫৪

ঢাকা: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।

বিজ্ঞাপন

তিনি বলেন, সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর