ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন এবং উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করেছে।’
তিনি জানান, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাতবোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।