অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও এ সুবিধা বহাল রাখার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, রপ্তানি বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।
বৈঠকে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের রফতানি বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়। এসব পণ্যের বাজার সম্প্রসারণে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তাজা আম অস্ট্রেলিয়ায় রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের আম প্রবেশের অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায় বাংলাদেশ।
এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ। পাশাপাশি সরাসরি বিমান যোগাযোগ, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।