Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অবশেষে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সিডনি সুইনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬ ১৭:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে নিয়ে এলেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি এবং প্রভাবশালী মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশের মাধ্যমে তারা ভক্তদের কাছে নিজেদের ভালোবাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) ২৮ বছর বয়সী সিডনি সুইনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, ৪৪ বছর বয়সী স্কুটার ব্রাউন পেছন থেকে সিডনিকে জড়িয়ে ধরে আছেন এবং সিডনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। দীর্ঘ কোনো ক্যাপশন ব্যবহার না করলেও ছবির এক কোণায় একটি ‘সাদা হার্ট’ ইমোজি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী, যা তাদের সম্পর্কের গভীরতাকে ইঙ্গিত করে।

বিজ্ঞাপন

গত বছরের অর্থাৎ ২০২৫ সালের জুন মাস থেকে সিডনি ও স্কুটারের প্রেমের গুঞ্জন চলচ্চিত্র ও সংগীতপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে এতদিন তারা নিজেদের ব্যক্তিগত এই সমীকরণ লোকচক্ষুর আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন। জনপ্রিয় মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ইউটিউব থেকে জাস্টিন বিবারকে আবিষ্কার করে তারকা বানানোর জন্য। ব্যক্তিগত জীবনে তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকান অ্যাক্টিভিস্ট ইয়েল কোহেনের সাথে বিবাহিত ছিলেন এবং এই দম্পতির জ্যাগার, লেভি ও হার্ট নামে তিন সন্তান রয়েছে।

অন্যদিকে ‘এনিওয়ান বাট ইউ’ খ্যাত সিডনি সুইনি এর আগে দীর্ঘ সময় ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সাথে সম্পর্কে ছিলেন এবং তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। ২০১৮ সাল থেকে দীর্ঘ সম্পর্ক চলার পর ২০২৫ সালের শুরুর দিকে সেই পথচলা শেষ হয়। অতীতে কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখার পক্ষে যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দীর্ঘ সময় সম্পর্কে থাকা সত্ত্বেও জনসমক্ষে কিছু না বলার কারণ হলো ব্যক্তিগত জীবনের পবিত্রতা বজায় রাখা। তবে স্কুটার ব্রাউনের সাথে এই ছবি পোস্ট করার মাধ্যমে অভিনেত্রী নিজের দীর্ঘদিনের সেই গোপনীয়তার বলয় থেকে বেরিয়ে এসে নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন বলেই মনে করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর