Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপস্টেইন বিতর্কে জে কে রাউলিং

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন করে শুরু হওয়া বিতর্কের আগুনে এবার টেনে আনা হলো ‘হ্যারি পটার’ সিরিজের বিশ্ববিখ্যাত লেখিকা জে কে রাউলিংকে। কোনো এক অনুষ্ঠানে তিনি এপস্টেইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই লেখিকা। এই দাবিকে ‘একেবারেই হাস্যকর ও ভিত্তিহীন’ বলে সরাসরি নাকচ করে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেওয়া এক পোস্টে রাউলিং স্পষ্ট করে বলেছেন যে, তিনি বা তার দলের কেউ কখনোই জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা করেননি, যোগাযোগ করেননি এমনকি তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণও জানাননি।

বিজ্ঞাপন

মূলত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত বিপুল সংখ্যক নথি প্রকাশ করার পর এই নতুন আলোচনার সূত্রপাত হয়। প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথিতে প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। এসব নথির কোনো এক জায়গায় জে কে রাউলিংয়ের নাম পাওয়া গেলেও সেখানে এপস্টেইনের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ নেই। নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৬ সালের মে মাসে জনৈক এক ব্যক্তি এপস্টেইনকে ই-মেইল করে রাউলিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন, তবে সেই অনুরোধের প্রেক্ষিতে কোনো অগ্রগতি বা যোগাযোগের প্রমাণ মেলেনি।

নথি থেকে আরও জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে ব্রডওয়েতে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর প্রিমিয়ারে এপস্টেইন উপস্থিত থাকতে চেয়েছিলেন। উদ্বোধনের ঠিক দুই দিন আগে তার জনসংযোগ প্রতিনিধি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে একজন ‘খুব গুরুত্বপূর্ণ বন্ধু’-এর জন্য প্রবেশাধিকার চেয়েছিলেন। যদিও সেই অনুরোধে প্রাথমিকভাবে সম্মতি দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে জে কে রাউলিংয়ের কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা বা সম্মতির প্রমাণ পাওয়া যায়নি। সার্বিক তথ্য বিশ্লেষণে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, রাউলিং ও এপস্টেইনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক বা সংশ্লিষ্টতার বাস্তব ভিত্তি নেই।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

এপস্টেইন বিতর্কে জে কে রাউলিং
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩

আরো

সম্পর্কিত খবর