Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর মায়া কাটিয়ে এবার মহাকাশে মারিও

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬

আবারও বড় পর্দায় রাজত্ব করতে ফিরছে সবার প্রিয় ভিডিও গেম চরিত্র মারিও। তবে এবারের অভিযানটা একটু ভিন্ন, কারণ মারিও এবার আর মাটির পৃথিবীতে সীমাবদ্ধ নেই; তার নতুন গন্তব্য সুদূর মহাকাশ! সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’-র দুর্দান্ত এক ট্রেলার, যা গেমার এবং সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান সুপার বোল-২৬ এর জমকালো আয়োজনে উন্মোচিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় ট্রেলার। অ্যানিমেটেড এই সিক্যুয়েলে দেখা গেছে মারিও ও তার ভাই লুইজিকে এক নতুন অভিযানে। তবে এবারের বড় চমক হলো মারিওর নতুন বন্ধু— সবুজ ডাইনোসর ‘ইয়োশি’। ট্রেলারে ইয়োশির সঙ্গে মারিও-লুইজির প্রথম দেখার মুহূর্তটি বেশ মজার ও সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রেলারে দেখা যায়, প্রিন্সেস পিচ এবং টোডকে সঙ্গে নিয়ে মারিও পাড়ি দিচ্ছে মহাকাশের অদ্ভুত সব গ্রহে। মাধ্যাকর্ষণহীন পরিবেশে ওলট-পালট হাঁটা আর রহস্যময় শত্রুর মুখোমুখি হওয়ার দৃশ্যগুলো দর্শকদের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে।

২০২৩ সালের সুপারহিট ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’-র এই সিক্যুয়েলটি পরিচালনা করেছেন অ্যারন হরভাথ ও মাইকেল জেলেনিক। বরাবরের মতো মারিও চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড তারকা ক্রিস প্র্যাট। এছাড়াও রয়েছেন: আনিয়া টেলর-জয় (প্রিন্সেস পিচ), চার্লি ডে (লুইজি), জ্যাক ব্ল্যাক (বাউজার), ব্রি লারসন (রোজালিনা)।

আগের সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার আয় করে রেকর্ড গড়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় ইলুমিনেশন ও নিনটেন্ডোর এই নতুন সিনেমা নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী। সবকিছু ঠিক থাকলে আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্বজুড়ে বড় পর্দায় দেখা যাবে মারিওর এই মহাকাশ অ্যাডভেঞ্চার।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর