পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ব্যক্তিগত বৃত্তের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত হাম টিভির প্রযোজক উমর মুখতার। হানিয়ার জন্মদিনের জমকালো আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ভাইরাল রিলে তাদের একসঙ্গে দেখা যায় নিয়মিত। এমনকি উমর মুখতারের বিয়েতেও হানিয়াকে পরিবারের সদস্যের মতোই আনন্দ করতে দেখা গেছে। তবে সম্প্রতি এই সফল প্রযোজকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন মডেল মাহনূর রহিম, যা নিয়ে এখন তোলপাড় চলছে শোবিজ পাড়ায়।
মাহনূর রহিম খুব স্পষ্টভাবে উমর মুখতারের নাম না নিলেও তার বিরুদ্ধে অনলাইনে মেয়েদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছেন। মাহনূর জানান, ২০২৩ সালে তিনি যখন কানাডায় ছিলেন, তখন রাত ৩টার দিকে উমর তাকে মেসেজ পাঠান। পেশাদার কোনো কাজের কথা ভেবে মাহনূর ইনবক্স চেক করলে দেখেন, বিবাহিত এই প্রযোজক কেবল ব্যক্তিগত চ্যাটিং বা সখ্যতা গড়ার চেষ্টা করছেন। এমনকি উমর নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেছিলেন বলেও স্ক্রিনশট শেয়ার করেছেন মাহনূর। মাহনূরের এই সাহসিকতাপূর্ণ বার্তার পর নেটিজেনরা খুব দ্রুতই বুঝে নেন যে ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং উমর মুখতার।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। জনপ্রিয় ফটোগ্রাফার মাহা ওয়াজাহাত মন্তব্য করেছেন যে, উমর মুখতারের সাথে তার অভিজ্ঞতাও অত্যন্ত তিক্ত এবং সেটি শেয়ার করার মতো সাহস তার এখনো হয়ে ওঠেনি। আরও অনেক নারী মাহনূরের পোস্টে মন্তব্য করে জানিয়েছেন যে, তারাও একইভাবে হেনস্তার শিকার হয়েছেন। এই বিতর্কে হানিয়া আমিরের নামও জড়িয়ে পড়ছে, কারণ হানিয়া নিজেকে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের দূত হিসেবে পরিচয় দিলেও উমর মুখতারের মতো বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার অতি সখ্যতা ভক্তদের হতাশ করেছে। এই অভিযোগগুলো নিয়ে উমর মুখতারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।