Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদেরদিন জোভান-নাজনীন নিহার ‘গুড লাক’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৭:২২

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হলো বিশেষ একক নাটক ‘গুড লাক’। ইমরোজ শাওনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান, নাজনীন নিহা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, গল্পের নায়ক আদি কিছুটা সহজ সরল এবং বোকা কিসিমের। সহপাঠী ইকরাকে পাগলের মতো ভালোবাসে সে। কিন্তু ইকরা তার প্রতি একদম উদাসীন। আদির বন্ধু রাফি নিজেকে প্রেমের গুরু মনে করে। ইকরাকে পটানোর জন্য আদিকে অদ্ভুত সব বুদ্ধি দেয় সে। কখনো ইকরার ড্রেসের সাথে ম্যাচিং করে তার সামনে যাওয়া, কখনো জিম করে বডি দেখানোর চেষ্টা করা আবার কখনো আদি+ইকরা লিখে হাতে ট্যাটু করা। এসব কারণে আদি আরও হাস্যকর হয়ে ওঠে ইকরার কাছে।

বিজ্ঞাপন

আদির পরিবারটিও বেশ মজার। তার মা বোন দাদী সবাই আদির এই প্রেম নিয়ে মেতে থাকে। একবার দাদীর পরামর্শে আদি দীর্ঘ এক প্রেমপত্র লেখে। সেই চিঠি কেউ একজন ক্যাম্পাসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়। এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক হাসাহাসি হয়। ইকরা খুব অপমানিত বোধ করে। এসব সহ্য করতে না পেরে আদি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়।

আদির এই বিপদে পাশে এসে দাঁড়ায় তার যমজ ভাই অন্তু। দেখতে হুবহু আদির মতো হলেও অন্তুর বৈশিষ্ট্য আলাদা। সে স্মার্ট, আত্মবিশ্বাসী এবং ব্যক্তিত্ববান। ইকরার উপর প্রতিশোধ নেয়ার জন্য সে আদি সেজে ক্যাম্পাসে যায়। নিজেকে এমনভাবে উপস্থাপন করে ইকরা চমকে যায়। এক পর্যায়ে অন্তুর প্রেমে পড়ে যায় ইকরা। প্রতিশোধ নেয়ার সুযোগ চলে আসে অন্তুর সামনে। কিন্তু সমস্যা হলো, অন্তু নিজেই ইকরাকে ভালোবেসে ফেলে।

‘গুড লাক’ প্রচারিত হবে ঈদের দিন বিকেল ১০টা ২০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর