Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

স্বাধীনতা দিবসে নানা আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৭:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দিনটি উদযাপন করতে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (২৫ মার্চ) শিল্পকলা একাডেমি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হবে ৩০ মিনিটের তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’। এরপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পর্ব। এতে সমবেত সংগীত পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু।

নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, পরিচালনায় থাকবেন ফারহানা চৌধুরী বেবী। এছাড়া একক সংগীতে অংশ নেবেন মনির খান, দেবলীনা সূর ও ফেরদৌস আরা।

পরবর্তীতে অন্তর দেওয়ান-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ‘কালারস অব হিল’। আবৃত্তি পরিবেশন করবেন টিটো মুনসী। এছাড়া সংগীত পরিবেশন করবেন নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা।

সবশেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নৃত্যের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে, দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে শিল্পকলা একাডেমি। এতে একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীরা অংশ নেবেন।