Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিঙ্গেল’ তকমা ঝেড়ে এবার ‘এনগেইজড’ পূজা চেরি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ১৮:২৩

ঢালিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা চেরি সবসময়ই নিজের অভিনয় আর রূপের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। তবে পর্দার কাজের চেয়েও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল যেন কোনো অংশেই কম নয়। দীর্ঘদিনের লুকোচুরি আর গুঞ্জন ছাপিয়ে সম্প্রতি নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই নায়িকা, যা বিনোদন পাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে।

চিত্রনায়িকা হিসেবে পূজার অভিষেক হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। সেই শুরু থেকেই প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে সেই চর্চিত সম্পর্ক নিয়ে কথা বলেছেন পূজা। আব্দুল আজিজের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বেশ কৌশলী অথচ স্পষ্ট ভাষায় জানান, তাদের মধ্যকার চমৎকার বোঝাপড়াকে মানুষ যদি প্রেম বলে থাকে, তবে তিনি সেটাকে প্রেম বলতে দ্বিধা করবেন না।

বিজ্ঞাপন

এই আলোচনার রেশ কাটতে না কাটতেই পূজা দিয়েছেন আরও এক বড় খবর। এতদিন নিজেকে সিঙ্গেল বলে দাবি করে আসলেও, এই প্রথমবার তিনি জনসমক্ষে স্বীকার করলেন যে তিনি আর একা নন। সোজাসুজি জানিয়ে দিলেন, বর্তমানে তিনি ‘এনগেইজড’। তবে কার সঙ্গে বা কীভাবে জীবনের নতুন এই অধ্যায় শুরু করেছেন, সে বিষয়ে বিস্তারিত এখনই খোলাসা করতে চাননি তিনি।

শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ কিংবা ‘গলুই’-এর মতো জনপ্রিয় সিনেমা দিয়ে পূজা নিজেকে প্রমাণ করেছেন। মাঝখানে ক্যারিয়ারের গ্রাফ কিছুটা ওঠানামা করলেও চলতি বছর ঈদুল ফিতরে আফরান নিশোর বিপরীতে ‘দম’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয় আবারও তাকে লাইমলাইটে নিয়ে এসেছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের এই নতুন মোড় পূজা চেরিকে নিয়ে আলোচনার পারদ যেন আরও বাড়িয়ে দিল।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর