Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপের চার দেশে গান গাইবেন কিশোর ও সালমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২৬ ১৭:৫৫

ভিনদেশের মাটিতে বাংলাদেশের সংগীতশিল্পীদের বিচরণ এখন বেশ নিয়মিত ঘটনা। প্রায়ই বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রবাসী বাঙালিদের মন জয় করে আসছেন দেশের জনপ্রিয় তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন এক সুরের সফর। একসঙ্গে ইউরোপের চারটি দেশ মাতাতে ঢাকা ছেড়েছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কিশোর দাস ও মৌসুমী আক্তার সালমা।

ঢাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের এই দারুণ সুখবরটি দেন কিশোর। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইউরোপ ট্যুর লোডিং। আশা করছি একটা স্মরণীয় ট্যুর হতে যাচ্ছে। সবাই প্রার্থনায় রাখবেন।’

বিজ্ঞাপন

এই সঙ্গীত সফরের বিস্তারিত জানিয়ে কিশোর জানান, তাদের প্রথম গন্তব্য নান্দনিক দেশ ফ্রান্স। আগামী ২৭ জুন ফ্রান্সে আয়োজিত কনসার্টে গান গাইবেন তারা। এরপর একে একে তারা সুরের জাদু ছড়াবেন বেলজিয়াম, ইতালি ও স্পেনে। গায়কের ভাষ্যমতে, বেলজিয়াম ও ফ্রান্সে একটি করে শো করলেও ইতালি এবং স্পেনের দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন, যেখানে দুটি করে শোতে অংশ নেবেন তারা।

বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের গান শোনানোর অভিজ্ঞতা সবসময়ই দারুণ হয় বলে উল্লেখ করেন কিশোর। তিনি বলেন, বেশ আগে থেকেই এই সফরের আয়োজকরা তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং সব ব্যাটে-বলে মিলে যাওয়ায় তারা এই সফরে রাজি হয়েছেন। এর আগেও ইউরোপ ট্যুর করার অভিজ্ঞতা রয়েছে এই শিল্পীর। সেখানকার প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও বাংলাদেশের গান খুব উপভোগ করেন বলে জানান তিনি। এবারের শোগুলো আগের চেয়েও অনেক বেশি জমজমাট ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই গায়ক।

উল্লেখ্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর ও সালমা দুজনেই দেশের জনপ্রিয় সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে নিজেদের মেধার স্বাক্ষর রেখে সঙ্গীত অঙ্গনে পা রাখেন এবং দীর্ঘ সময় ধরে দর্শকদের চমৎকার সব গান উপহার দিয়ে আসছেন।