Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গুগলের বিনামূল্যে ভিডিও বানানোর এআই টুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ১৮:৫৮

গুগল ভিও৩ (Veo 3) নাম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এনেছে প্রযুক্তিপ্রেমীদের জন্য। ভিও৩ আসলে একটি টেক্সট-টু-ভিডিও মডেল।

এর মাধ্যমে ব্যবহারকারী শুধু লিখবেন তিনি কেমন ভিডিও চান। যেমন- ‘শহরের ব্যস্ত রাস্তায় বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন একজন তরুণ, পেছনে বাজছে মৃদু সংগীত।’ কয়েক মিনিটের মধ্যেই সেই দৃশ্য ফুটে উঠবে ভিডিও আকারে। শুধু দৃশ্যই নয়, চাইলে তাতে যোগ হবে সংগীত, সংলাপ কিংবা পরিবেশের শব্দ। সবকিছু মিলিয়ে ভিডিওটি হয়ে উঠবে অনেকটা সিনেমাটিক মানের।

এটি ব্যবহার করতে হলে মোবাইলের জেমিনি অ্যাপ খুলতে হবে। প্রম্পট বারের তিন বিন্দুর মেনু থেকে বেছে নিতে হবে ‘Video: Generate with Veo’ অপশন। এরপর লেখা যাবে কাঙ্ক্ষিত দৃশ্যের বর্ণনা। ভিও৩ প্রযুক্তি সেটি প্রক্রিয়াজাত করে তৈরি করে দেবে ভিডিও।

বিজ্ঞাপন

গুগলের ফ্রি অফারে অবশ্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি ভিডিও বানাতে পারবেন, প্রতিটির দৈর্ঘ্য সর্বোচ্চ আট সেকেন্ড। সব ভিডিওতেই থাকবে ওয়াটারমার্ক, যাতে বোঝা যায় এগুলো এআই নির্মিত। তবুও ব্যবহারকারীরা বলছেন, এত অল্প সময়ে এমন মানের ভিডিও তৈরি করার অভিজ্ঞতা একেবারেই নতুন।

গুগল অবশ্য বলছে, এই উদ্যোগ মূলত একটি পরীক্ষা। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জেনে তারা ভবিষ্যতে এ টুলের ব্যবহার আরও বিস্তৃত করবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিজ্ঞাপন, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণে ভিও–৩ আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

বিনামূল্যে ব্যবহারের এই উদ্যোগ গুগলের একপ্রকার প্রচারণা হলেও এতে সন্দেহ নেই যে সাধারণ ব্যবহারকারীরা প্রযুক্তির এক নতুন স্বাদ পাচ্ছেন। কয়েকটি শব্দ লিখে সিনেমা বানানোর যে স্বপ্ন একসময় অবাস্তব মনে হতো, সেটিই এখন হাতের নাগালে।

সূত্র: ইন্ডিয়া টুডে